Skip to main content

NBI ! 'দরবারী পদাবলী'-তে গুরু-শিষ্য পরম্পরার অনবদ্য নজির কলকাতায়

নিজস্ব প্রতিবেদক, কলকাতা :- 
 হারিয়ে যাওয়া বাংলার ‘দরবারী পদাবলী’ কীর্তন পরিবেশনের মাধ্যমে কলকাতার বিড়লা আকাদেমিতে অনুষ্ঠিত হল গুরু-শিষ্য পরম্পরার এক অনবদ্য নজির। বাংলার পদাবলী কীর্তনের এমন অপরূপ পরিবেশনের সঙ্গে আজকের প্রজন্ম পরিচিত নয়। 


মঞ্চে পদাবলী গাইলেন শিল্পী দেবলীনা ঘোষ ও তাঁর গুরু পণ্ডিত শ্যাম সুন্দর গোস্বামী, সঞ্চালনায় ছিলেন মধুমিতা বসু। দেবলীনা শোনালেন রূপানুরাগ পর্যায়ের কয়েকটি বাছাই করা প্রাচীন পদ। চারটি তালের সমাহারে চতুরঙ্গে শোনালেন জয়দেবের গীত গোবিন্দ থেকে 'নায়ক নারায়ণ' পদটি। সোম তালে গৌরচন্দ্রিকা ও তেওট তালে গোবিন্দদাসের পদ 'নীলরতন কিয়ে নব ঘনঘটা'। এছাড়াও কীর্তনের বিভিন্ন প্রাচীন তাল, যেমন কাটা দশকোশী, বীরবিক্রম, কোটিসমুদ্র, দাসপ্যারী ইত্যাদিরও ব্যবহার দেখিয়েছেন তিনি তাঁর গানে। 



রেওয়াজি কণ্ঠে আর নাটকীয় প্রকাশে তাঁর গানগুলি দর্শকদের মধ্যে নিবিষ্ট মুগ্ধতা তৈরী করেছিল। প্রথমার্ধে শিষ্যের পরিবেশনের পর, গুরুকে মঞ্চে বরণ করে নেন দেবলীনা। তারপর পন্ডিত শ্যাম সুন্দর গোস্বামী তাঁর অপূর্ব দক্ষতায় শোনালেন মানভঞ্জনের পদ। পন্ডিতজীর কণ্ঠে খেয়াল,  ঠুমরী, ধ্রুপদ, ভজনের পরিবেশন শুনে অভ্যস্ত শ্রোতারা, এদিন তাঁকে এক নতুন রূপে আবিষ্কার করলেন। জয়দেবের বিখ্যাত সেই পংক্তি 'দেহি পদপল্লব মুদারম' তাঁর নিবেদনে যেন প্রেক্ষাগৃহে বৃন্দাবন রচনা করল। 




তাঁর গানে গানে বাঙালী দর্শক বেশ কিছু দশক পর ফিরে পেল বৃন্দাবন বণিক, বংশীধারী চক্রবর্তী কিংবা হরিদাস করের মতো গত প্রজন্মের দক্ষ কীর্তন-শিল্পীদের হারিয়ে যাওয়া সুর-তাল আর গায়কীর মাদকতা। শ্রীখোলে অসাধারণ নৈপুণ্য দেখালেন আচার্য ভরত দাস ও তরুণ বাদক সুশান্ত মান্না। বাঁশিতে সমস্ত অনুষ্ঠানটিকে বেঁধে রেখেছিলেন সৌম্যজ্যোতি ঘোষ। অনুষ্ঠানের শেষ অবধি পূর্ণ প্রেক্ষাগৃহে দর্শক বসে রইলেন অসীম মুগ্ধতা নিয়ে। 



শেষের মিলন অংশে দর্শক আসন থেকেই সকলে হাতে তালি দিয়ে গলা মেলালেন। রবীন্দ্রনাথ ঠাকুর বাংলার কীর্তনকে বাঙালির শাস্ত্রীয় সংগীত হিসেবে উল্লেখ করেছিলেন। দরবারী পদাবলীর লক্ষ্য সেই 'সত্য'টিকেই নতুন প্রজন্মের শ্রোতাদের কাছে প্রতিষ্ঠিত করা, যা এইদিন সার্থক হয়েছে। দর্শকাসনে উপস্থিত ছিলেন ডঃ কঙ্কনা মিত্র, ধীমান দাস, অঙ্কুর মহারাজ, শিল্পী চন্দ্র ভট্টাচার্য, শিল্পী আদিত্য বসাক,  শিল্পী অতীন বসাক,  অমিত রঞ্জন বিশ্বাসের মতো ব্যক্তিত্ব।

Comments

Popular posts from this blog

NBI !! মৃনাল কান্তি গায়েনের মিউজিক্যাল ডকুমেন্ট্রি "জাগো হে সুন্দরবনবাসী" দুটো ফিল্ম ফেস্টিভালে শ্রেষ্ঠ মিউজিক ভিডিও হিসাবে পুরস্কৃত হয়েছে !!

কলকাতা ।। ২৫ শে ফেব্রুয়ারি,২০২৬ ।।  গীতিকার, সুরকার, কণ্ঠশিল্পী,মুখ্য চরিত্রাভিনেতা, চিত্রগ্রাহক ও পরিচালক শ্রী মৃণাল কান্তি গায়েন তার মিউজিক্যাল ডকুমেন্ট্রি গানের ভিডিও অ্যালবাম- "জাগো হে সুন্দরবনবাসী "(Awake the people of Sundarban )দু'টো দু'টো বিখ্যাত ফিল্ম ফেস্টিভ্যালে প্রতিযোগিতায় শ্রেষ্ঠ মিউজিক ভিডিও হিসেবে পুরস্কৃত হল ।  ২০২৫ সালে হরিয়ানা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে(  Haryana International Film Festival, 2025)  প্রদর্শনের জন্য  গোটা বিশ্বের থেকে বাছাই করা আটটি(০৮) গানের অ্যালবামের মধ্যে অন্যতম একটি হিসেবে স্থান পেয়েছে। এবং বেলঘরিয়া ফ্লিম ফেস্টিভাল, 2026 এ "বেস্ট ডকুমেন্টারি মিউজিক ভিডিও অন ইনভায়রণমেন্ট্" হিসাবে পুরস্কৃত হল । 

NBI !! উইমেন্স ক্রিশ্চিয়ান কলেজের চতুর্থ তম ক্রিসমাস কার্নিভাল !!

কলকাতাঃ  কলকাতার কালীঘাটে ছিয়াত্তর বছর উত্তীর্ণ উইমেন্স ক্রিশ্চিয়ান কলেজের চতুর্থ তম ক্রিসমাস কার্নিভাল এবছর অনুষ্ঠিত হল কলেজ প্রাঙ্গণে। গ্রীক চার্চ রো তে।সারা কলেজ জুড়ে ছিল বড়দিনের উৎসবের মেজাজ ।  যীশুখৃষ্টের জন্মদিনের প্রাক পর্বে কলেজের বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ শ্রী কুশল বিশ্বাসের পরিচালনায় ছাত্রীদের যোগদানে প্রার্থনা , খ্রিস্টমাস হিম এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।  মেয়েদের এই কলেজে বড়দিন উপলক্ষ্যে কার্নিভাল এ বিক্রিত হয় তাদের নিজেদের হাতে তৈরি বিভিন্ন খাবার এবং দৈনন্দিন কাজে প্রয়োজনীয় নানা জিনিস ব্যাগ, পোশাক, অলঙ্কার ইত্যাদি। সুচারু, সুমেলি এবং কলেজের ইকো ক্লাব সারা বছর ব্যাপী মেয়েদের স্বনির্ভর করার ও পরিবেশ সচেতন করার লক্ষ্যে নিরলস যে কর্মশালা ও অন্যান্য আয়োজন করে তারই কার্যকরী বিকি কিনির সময় এই কার্নিভালের দিনটি। প্রাক্তণ ও বর্তমান অধ্যাপক ও ছাত্রীদের মিলনে এই আয়োজন আনন্দ মুখর হয়ে উঠেছিল।

NBI // টোকিওতে প্রথম আনন্দ মেলা: IBCAJ-এর উদ্যোগে বাঙালিয়ানার উৎসব !

টোকিও,জাপান :-  টোকিও শহরে IBCAJ-এর পক্ষ থেকে এবছর অনুষ্ঠিত হলো ১৪তম দুর্গাপূজো। পূজো উপলক্ষে আয়োজিত এই উৎসবে ২০০-রও বেশি মানুষের সমাগম ঘটে, যা জাপানে বাঙালি সম্প্রদায়ের ঐক্য ও উচ্ছ্বাসের এক উজ্জ্বল দৃষ্টান্ত। এই বিশেষ আয়োজনের অংশ হিসেবে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয় আনন্দ মেলা। IBCAJ-এর সদস্যদের আন্তরিক সহযোগিতায় আয়োজিত এই মেলায় ছিল মোট আটটি স্টল— ঝালমুড়ি, ফুচকা-চুরমুড়, বরা পাও, নলেন গুড়ের ক্ষীরমোহন ও সন্দেশ, পাটিসাপ্টা, খুদেদের বানানো কেক, চিকেন টিক্কা ও রু-আবজা — যা টোকিওবাসীর সামনে বাঙালিয়ানার আসল স্বাদ তুলে ধরে। কোতো সিটি সোগো কুমিন সেন্টারের সপ্তম তলার একটি হলে আয়োজিত এই আনন্দ মেলা ঘিরে ছিল উৎসবমুখর পরিবেশ। পূজোর সঙ্গে সঙ্গে ঐতিহ্যবাহী সিঁদুর খেলা-রও আয়োজন করা হয়, যেখানে সকল সদস্য একসঙ্গে অংশগ্রহণ করে আনন্দ ভাগ করে নেন। IBCAJ-এর সদস্যদের নিষ্ঠা ও সক্রিয় অংশগ্রহণে দুর্গাপূজো ও আনন্দ মেলা — দুটোই হয়ে ওঠে এক স্মরণীয় ও সার্থক সাংস্কৃতিক আয়োজন।