অক্টোবরের শেষ এবং নভেম্বরের শুরু—এই সন্ধিক্ষণে ভুটানের মাটিতে অনুষ্ঠিত হতে চলেছে এক বর্ণাঢ্য আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা ‘ওয়েভ ক্যুইন ইণ্ডিয়া মিস অ্যাণ্ড মিসেস ইন্টারন্যাশনাল ২০২৬’। ‘ট্যাপশন মিডিয়া’-র উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন ১৩ থেকে ৮০ বছর বয়সী মহিলারা, যা বয়সের সীমারেখা ভেঙে নতুন দৃষ্টান্ত স্থাপন করছে।
মঙ্গলবার কলকাতায় আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সংস্থার প্রতিষ্ঠাতা নিতু শাহ জানান, এটি এই প্রতিযোগিতার দ্বিতীয় পর্ব। তিনি বলেন,
“এই মঞ্চে শুধু মহিলাদের জন্যই নয়, পুরুষদের জন্যও ‘মিস্টার’ ও ‘কিং’ বিভাগ রাখা হয়েছে। মহিলাদের ক্ষেত্রে ‘মিস’, ‘মিসেস’, ‘প্লাস সাইজ’, ‘ক্লাসিক’ এবং ‘শর্ট হাইট’—এই বিভিন্ন বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিটি বিভাগের বিজয়ীরা পাবেন শংসাপত্র সহ আকর্ষণীয় পুরস্কার।”
সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১ নভেম্বর অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতার মূল পর্ব, যেখানে বাছাই করা শীর্ষ ৫০ জন প্রতিযোগী অংশ নেবেন। ইতিমধ্যেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগ্রহী প্রার্থীরা যোগাযোগ শুরু করেছেন বলে আয়োজকদের দাবি।
এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কলকাতা পুলিশের প্রাক্তন পদস্থ আধিকারিক পিনাকী চক্রবর্তী, চলচ্চিত্র পরিচালক ভার্গব চৌধুরী, সঙ্গীত বিশেষজ্ঞ অভিজিৎ পাল, চিকিৎসক ডাঃ পারমী গোস্বামী, সমাজকর্মী পুতুল ধর এবং মডেল শুভাঙ্গিনী সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব।
আয়োজকদের মতে, এই প্রতিযোগিতা শুধুমাত্র সৌন্দর্যের প্রদর্শনী নয়, বরং আত্মবিশ্বাস, প্রতিভা ও ব্যক্তিত্বের এক সম্মিলিত মঞ্চ—যেখানে বিভিন্ন বয়স ও পটভূমির মানুষ নিজেদের প্রতিভা তুলে ধরার সুযোগ পাবেন আন্তর্জাতিক স্তরে।
Comments
Post a Comment